ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া : দ.কোরিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১৩:০৪:৫৪
সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া : দ.কোরিয়া সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া : দ.কোরিয়া
নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়া রোববার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পারমাণবিক অস্ত্রধারী দেশটির ধারাবাহিক অস্ত্র পরীক্ষার অংশ হিসেবেই এসব উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পিয়ংইয়ং যে ধারাবাহিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে, রোববারের উৎক্ষেপণ তারই সর্বশেষ সংযোজন। এসব পরীক্ষার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার গোলাবারুদও রয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, ‘স্থানীয় সময় ভোর প্রায় ৬টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ২১:১০) উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে পূর্ব সাগরের দিকে (যা জাপান সাগর নামেও পরিচিত) কয়েকটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে।’

তারা জানায়, সম্ভাব্য আরও উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ংয়ের এই পরীক্ষা সিউলের পক্ষ থেকে বৈরী সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করারই ইঙ্গিত।

সম্প্রতি জানুয়ারিতে উত্তর কোরিয়ায় বেসামরিক ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল সিউল। সে সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং একে ‘খুবই সৌভাগ্যজনক ও বুদ্ধিমানের কাজ’ বলে মন্তব্য করেছিলেন।

তবে চলতি মাসে উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ংয়ের ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন। এর আগে কিম জং উন নিজেও এ কথা বলেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ