নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং জুন মাসের জন্য জ্বালানি সংগ্রহে সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ অব্যাহত রয়েছে। ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবের কারণে শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে গৃহস্থালি খাতে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তবে মে মাসে ফসল তোলা শুরু হলে আবারও গৃহস্থালি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় জ্বালানি সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান এহসানুল হক, জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আমির হোসেন চৌধুরী এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত উপস্থিত ছিলেন।