ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৩ গুদাম থেকে সরকারি অনুদানের চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২০ ০২:০৩:২৭
কুড়িগ্রামে ৩ গুদাম থেকে সরকারি অনুদানের চাল জব্দ কুড়িগ্রামে ৩ গুদাম থেকে সরকারি অনুদানের চাল জব্দ
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় তিনটি গুদামে অভিযান চালিয়ে মজুদ করে রাখা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।
 
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশেম বাজার থেকে বুধবার সন্ধ্যায় চালগুলো উদ্ধার করা হয় বলে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসীর মামুন মুন জানান।
 
বলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রায় ১০০ গজ দূরে কাশেম বাজারের কয়েকটি গুদামে দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে বলে শোনা যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবার ইফতারের পর স্থানীয়রা সন্দেহজনক তিনটি গুদামে হানা দেয়।
 
এ সময় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা উদ্ধার করে সেগুলো জব্দ করা হয় এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে কচাকাটা থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়।
 
খবর পেয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসীর মামুন মুন এবং কচাকাটা থানার ওসি টহল দলসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে গুদামগুলোর তালা ভেঙে অভিযান চালানো হয়। এ সময় তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ চালের বস্তা উদ্ধার করা হয়।
 
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মুনতাসীর মামুন মুন বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে গুদামগুলোতে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়েছে। চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি বা ভিজিডি-ভিজিএফের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
 
চালের উৎস, প্রকৃত মালিকানা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
 
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ