বরিশালে আগুনে পুড়িয়ে কিশোরী রাইসাকে হত্যা; বখাটে সিফাত ও তার বাবাকে আসামী করে হত্যা মামলা
বরিশালে আগুনে পুড়িয়ে কিশোরী রাইসাকে হত্যা; বখাটে সিফাত ও তার বাবাকে আসামী করে হত্যা মামলা
রাহাদ সুমন,বরিশাল:
বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছর বয়সী কিশোরী রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে
হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলায় কিশোর গ্যাং সদস্য সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই প্রধান আসামি সিফাত সিকদার পলাতক রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে সিফাত সিকদার। এ সময় সে রাইসাকে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাইসার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই তার মৃত্যু হয়। পরে জানাজা শেষে তার মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হক জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স