নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদা এলাকায় ঋণ ও পারিবারিক নানা সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে মো. শহীদ মিয়া (৪৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর মান্ডা বড় পাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মোমেন মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শহীদ মিয়া সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভাটরাই গ্রামের ওয়াহেদ আলী ও খোদেজা বেগমের ছেলে। তিনি পরিবারসহ মুগদার উত্তর মান্ডা এলাকায় বসবাস করতেন এবং পেশায় রিকশাচালক ছিলেন। তার পরিবারে পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে।
নিহতের ছেলে মাজেদুল ইসলাম ফয়সাল জানান, গভীর রাতে পরিবারের অগোচরে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তার বাবা। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।
পুলিশের ওই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পরিবারের বরাতে জানা গেছে—সংসারের অভাব-অনটন, ঋণের চাপ এবং পারিবারিক বিভিন্ন সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শহীদ মিয়া। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।