ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ২০:২৪:৫২
রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন


‎মোঃ কাওছার আহম্মেদ , রাঙ্গাবালী (পটুয়াখালী) 


‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা নির্মূলে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। 


‎শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম বাজারে  বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


‎'মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’-এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল-‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এবং ‘চাঁদাবাজ, সন্ত্রাস ও ভূমিদস্যু বড়বাইশদিয়া ইউনিয়নে চলবে না, চলবে না’।


‎বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


‎তারা আরও বলেন, বড়বাইশদিয়া ইউনিয়নে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।


‎সম্প্রতি চরহালিম এলাকায় মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টিও মানববন্ধনে উল্লেখ করা হয় এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


‎এতে উপস্থিত ছিলেন বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন শিকদার, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক আমানুল্লাহ আরমান এবং ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম তুহিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ