মৌলভীবাজারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান
মৌলভীবাজারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান
এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল উদ্বোধনকালে বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপারসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সমন্বিত অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে চৌমোহনা পয়েন্ট হয়ে এম. সাইফুর রহমান সড়ক দিয়ে অগ্রসর হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। রাস্তার পাশে ঝুলিয়ে রাখা অবৈধ পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়। একইসঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে স্প্রে করা হয়। ড্রেন, নালা-নর্দমা এবং আবাসিক এলাকার আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে জেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স