ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় কালকিনিতে স্বামী-স্ত্রীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১৯:৪২:৫৪
পাওনা টাকা চাওয়ায় কালকিনিতে স্বামী-স্ত্রীর ওপর হামলার অভিযোগ পাওনা টাকা চাওয়ায় কালকিনিতে স্বামী-স্ত্রীর ওপর হামলার অভিযোগ
 
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরের কালকিনি উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন শাহীন হাওলাদার (রিপন)। বর্তমানে তিনি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
ভুক্তভোগীর স্ত্রী ছালমা বেগম কালকিনি থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রিয়াজ চৌকিদারের বাড়ির সামনে মুঞ্জ চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।
 
অভিযোগে বলা হয়, উত্তর চড়াই কান্দি গ্রামের বাসিন্দা শাহীন হাওলাদার তার পাওনা টাকা আদায়ের জন্য রিয়াজ চৌকিদারের কাছে গেলে তাকে বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে রিয়াজ চৌকিদার, মুঞ্জ চৌকিদারসহ কয়েকজন মিলে শাহীন হাওলাদার ও তার স্ত্রীকে রড, লাঠি ও গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে শাহীন হাওলাদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
 
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় ছালমা বেগমের গলায় থাকা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তার কাছে থাকা প্রায় ১০ হাজার টাকাও নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
 
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শাহীন হাওলাদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ছালমা বেগম বাদী হয়ে কালকিনি থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অপরদিকে বিবাদী পক্ষের বড় ভাই আবুল কালাম আজাদ মুঠোফোনে ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন,  “আমার ছোট ভাইয়ের কাছে শাহীন হাওলাদারের টাকা পাওনা আছে -এটা সত্য। তবে কত টাকা পাওনা আছে তা আমি জানি না। পাওনা টাকার বিষয় নিয়ে আমাদের বাড়িতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে -এ ঘটনাও সত্য। তবে মারামারি বা হাতাহাতির সময় কোনো নগদ টাকা বা স্বর্ণের চেইন নেওয়ার বিষয়টি আমরা জানি না। আমাদের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণের চেইন নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
 
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ