ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের পাঁচপীর ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ১৫:২৭:৫৯
কুড়িগ্রামের পাঁচপীর ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ কুড়িগ্রামের পাঁচপীর ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
 
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) ফরম পূরণ করতে কলেজে গেলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অথচ অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফি ৪ হাজার ১৭৫ টাকা বলে জানা গেছে। নির্ধারিত ফি’র তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
 
শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো লিখিত হিসাব বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। ফলে বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
 
অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, কেন্দ্র ফি, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ যুক্ত করেই এই অর্থ নেওয়া হচ্ছে।
 
এ বিষয়ে কলেজের শিক্ষার্থী মোঃ রনি ইসলাম বলেন, ‘আমাদের কাছে ৪ হাজার ১৭৫ টাকার স্লিপ দিলেও নেওয়া হচ্ছে ১১ হাজার টাকা। অতিরিক্ত টাকার কোনো ছাড় দিচ্ছে না।’
 
আরেক শিক্ষার্থী মোছাঃ হালিমা আক্তার বলেন, ‘আমার কাছে প্রথমে ১৪ হাজার টাকা চাওয়া হয়। পরে অনেক অনুরোধ করার পর ৪ হাজার টাকা ছাড় দিয়ে ১০ হাজার টাকা দিতে বলে।’
 
এ বিষয়ে পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অজয় কুমার সরকার বলেন, ‘কোনো অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না। বরং ৩–৪ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। তাদের দাবি আরও ছাড় দিতে হবে। এটি এমপিওভুক্ত নয়। শিক্ষকদের কয়েক মাসের বেতন বাকি রয়েছে।’
 
উলিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ ওয়াহিদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ