আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
বেলা তখন ঠিক ১২.৩৫ মিনিট। কলেজে সুনসান নীরবতা। শ্রেণিকক্ষ বা মাঠে নেই শিক্ষার্থীদের কোলাহল। নেই কোনো শিক্ষক, পিয়ন, আয়া। শুধু অফিস সহকারী নিজ কক্ষে বসে খাতাপত্রের কাজ করছেন; তাঁর পাশে বসা একজন প্রভাষক। অধ্যক্ষের কক্ষে তালা ঝুলছে। সাংবাদিকের আগমনের খবর পেয়ে কয়েক শিক্ষক অর্ধেক রাস্তা থেকে ফিরে আসেন। গত ১৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেল এমন চিত্র। এ ঘটনার পর আরও দুই দিন ওই প্রতিষ্ঠানে গেলে প্রায় একই চিত্রের দেখা মেলে।
অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর কলেজে আসেন না অধ্যক্ষ মোঃ মাহমুদ হাসান। তাঁর অনুপস্থিতির সুযোগে শিক্ষকরা এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। কোনো ক্লাস হয় না। এমন অবস্থার কারণে বাধ্য হয়ে অভিভাবকরা তাদের ছেলেমেয়েকে অন্য কলেজে ভর্তি করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় শিক্ষার্থীশূন্য।
জানা গেছে, অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতি ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণ দাবিতে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ এবং মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দেন। এর পরিপ্রেক্ষিতে একই বছর ১৯ মাধ্যমিক কর্মকর্তা তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পেয়েছেন মর্মে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৭ বছর ধরে কলেজে আসেন না অধ্যক্ষ।
তদন্ত প্রতিবেদনের আলোকে ম্যানেজিং কমিটি গত ২২ সেপ্টেম্বর ২০২৪ অধ্যক্ষ মোঃ মাহমুদ হাসানকে সাময়িক বরখাস্ত করে। অধ্যক্ষ এই বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে হাইকোট তাঁর বরখাস্ত আদেশ প্রত্যাহারের নির্দেশ দেন। আদেশের প্রেক্ষিতে গত ২ জুন কলেজ কর্তৃপক্ষ বরখাস্ত আদেশ প্রত্যাহার করে তাঁকে বিল-ভাতা প্রদান করে। তবে বরখাস্ত প্রত্যাহার হলেও অধ্যক্ষের অনুপস্থিতি অব্যাহত রয়েছে।
কলেজের অফিস সহকারী মোঃ হারুনুর রশিদ হাজিরা খাতা দেখিয়ে বলেন,অধ্যক্ষ দীর্ঘ ৮ বছর ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত। তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। শিক্ষকরা আসেন আর হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান।
প্রতিষ্ঠানটির কলেজ ও স্কুল শাখা মিলিয়ে শিক্ষক-কর্মচারী আছেন ৪৫ জন। প্রতিষ্ঠানটির কলেজ শাখায় প্রথম বর্ষে ১১ জন ও দ্বিতীয় বর্ষে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখায় ৪১ জন শিক্ষার্থী রয়েছে।
প্রভাষক মোঃ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন আসে না। তাই ক্লাসও হয় না। শিক্ষকরা কলেজে আসেন। কিন্তু শিক্ষার্থী না থাকায় ক্লাস হয় না। দীর্ঘ দিন রোগী নিয়ে এ অবস্থা চলছে।
শিক্ষার্থী মোছাঃ রিনা আক্তার বলেন, কলেজে গিয়ে কী লাভ! কোনো ক্লাস হয় না। তাই কলেজে যাওয়াই বাদ দিয়েছি। বান্ধবীদের কারও বিয়ে হয়ে গেছে, কেউ অন্য কলেজে ভর্তি হয়েছে। অপর শিক্ষার্থী মোছাঃ মাহজাবীন আক্তার বলেন, ‘আমার বাবা গরিব মানুষ; বাইরের কলেজে পড়াতে পারবে না বলে বাড়ির কাছের কলেজে ভর্তি করে দিয়েছিল। কিন্তু কী করব! কপাল খারাপ, কলেজের অচলাবস্থার কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেল। ঘরে বসে থাকায় বাবা-মা তাঁর বিয়ে দিয়েছেন।’
স্থানীয় বাসিন্দা মোঃ মহুবর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ‘অধ্যক্ষ আসে না; ছাত্র-ছাত্রী আসে না। জাতীয় সংগীত হয় না; পতাকা তোলে না। কীভাবে চলে, আমরা বুঝি না! এ কারণে আমার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছি।’
সাবেক শিক্ষক মোঃ আব্দুস ছামাদ বলেন, ছেলেমেয়েদের শিক্ষিত করার জন্য এলাকার দরিদ্র মানুষ অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটি গড়েছে। কিন্তু অধ্যক্ষের কারণে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেল।
স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম ক্ষোভের সঙ্গে জানান, কলেজে চাকরি পেতে অধ্যক্ষকে টাকা দিয়েছিলেন, তবু চাকরি পাননি। এখন অধ্যক্ষ টাকাও ফেরত দিচ্ছেন না। তাঁর মতো টাকা দিয়ে প্রতারিত আরও দুজন টাকা আদায়ের জন্য আদালতে মামলা করেছেন।
উলিপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ বলেন, তিনি যোগদান করার পর এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হায়দার আলী বলেন, ‘আমি সভাপতি হওয়ার পর অধ্যক্ষকে কলেজে বসিয়ে দিয়েছি। তাঁর কাছে অনেকে টাকা পাবে– এ ভয়ে তিনি কলেজে যেতে পারেন না। তবে আমি উদ্যোগ নিয়ে অনেকের পাওনা টাকা পরিশোধ করে দিয়েছি। বর্তমানে অধ্যক্ষ এক মাসের মেডিকেল ছুটিতে রয়েছেন।’
এ বিষয়ে অধ্যক্ষ মোঃ মাহমুদ হাসানের ফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে পরে ফোন দেবেন বলে কল কেটে দেন। পরে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করা হবে। কোনো ব্যত্যয় পেলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।