ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​আজ থেকে শুরু ইতিকাফ--------- চলুন জেনে নেই নিয়ম শর্ত ও আদব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১০ ২৩:৪০:২৮
​আজ থেকে শুরু ইতিকাফ--------- চলুন জেনে নেই নিয়ম শর্ত ও আদব ​আজ থেকে শুরু ইতিকাফ--------- চলুন জেনে নেই নিয়ম শর্ত ও আদব


গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।

আজ ২০ রমজান (মঙ্গলবার) থেকে শুরু হবে রমজানের শেষ দশকের ইতিকাফ। এটি এমন এক আমল, যা মানুষের হৃদয়কে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করার বিশেষ সুযোগ করে দেয়। তাই ইতিকাফ পালন করতে  কিছু নিয়ম, শর্ত ও আদব সম্পর্কে জানা জরুরি।

ইতিকাফের পরিচয়:
ইতিকাফ অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করা এবং ইবাদতে মশগুল থাকা। এর মাধ্যমে একজন মুসলমান নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। নফল ইতিকাফ যেকোনো সময় করা যায়; এতে সময়ের নির্দিষ্ট সীমা নেই। আর রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে মুয়াক্কাদা।

ইতিকাফের শর্ত:

১. মুসলমান হওয়া।

২. সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া।

৩. নিয়ত করা।

৪. মসজিদে অবস্থান করা। পাঁচ ওয়াক্ত নামাজের জামাত আদায় করা। তবে নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে (যেখানে তারা নিয়মিত নামাজ পড়েন) ইতিকাফ করতে পারেন।

৫. পবিত্র অবস্থায় থাকা। নাপাকি থেকে পবিত্র থাকা জরুরি।

৬. রোজা রাখা। রমজানের শেষ দশ দিনের সুন্নতে মুয়াক্কাদা ইতিকাফের জন্য অবশ্যই রোজা রাখতে হবে। আর মানতের ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। 

ইতিকাফের নিয়ম:
রমজানের শেষ দশকের ইতিকাফ ২
০ রমজানের সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করে শুরু করা হয় এবং ঈদের চাঁদ দেখা পর্যন্ত তা অব্যাহত থাকে। ইতিকাফ পালন করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়-

১. ইতিকাফকারী অযথা মসজিদ থেকে বের হবে না।

২. প্রয়োজনীয় কাজ, যেমন প্রস্রাব-পায়খানা বা জরুরি প্রয়োজনে অল্প সময়ের জন্য বের হওয়া যায়।

৩. অধিক সময় নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় কাটানো।

৪. অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকা।

ইতিকাফের আদব:
ইতিকাফের কিছু শিষ্টাচার বা আদব রয়েছে, যা পালন করলে এই ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি পায়-


১. ইখলাস বা আন্তরিকতা বজায় রাখা।

২. গুনাহ থেকে দূরে থাকা; গীবত, ঝগড়া ও অনর্থক কথা পরিহার করা।

৩. নীরবতা ও ধৈর্য বজায় রাখা।

৪. মসজিদের আদব রক্ষা করা এবং অন্যদের কষ্ট না দেওয়া।

৫. লাইলাতুল কদর অনুসন্ধান করা এবং বেশি বেশি দোয়া করা।

মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা, উল্লেখিত শর্ত, নিয়ম ও আদব রক্ষা করে যেন ইতিকাফকারী সকলে ইবাদত-বন্দেগী, দোয়া- দরুদ, কোরআন তেলাওয়াত ও জিকিরের সহিদ আদায় করতে পারি, আমিন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ