নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে শালিসী বৈঠকে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম সলঙ্গা থানার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, কয়েকদিন আগে একটি মেয়েকে উত্যক্ত করার অভিযোগে কাশিনাথপুর গ্রামের কিছু লোক শাহ আলমকে আটক করে। পরে তার পরিবারের সদস্যরা বিচারের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
এরপর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রশিদপুর গ্রামে একটি শালিসী বৈঠক বসে। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শাহ আলমসহ চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম মারা যান।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।