সাতক্ষীরা প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদের সুযোগ দিলে শাসন হবে জনগণের শাসন। এজন্য চিৎকার দিয়ে বলছি, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই।
১৮ কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। ১৮ কোটি মানুষ যদি দালাল হতে বিপজ্জনক পজিশনে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। তাই ১২ তারিখ প্রথম সিলটি পড়বে হ্যাঁ ভোটে। হ্যাঁ অর্থ আজাদি, না অর্থ গোলামি।
আপনারাই বলুন গোলামি না আজাদি। হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, যোগ করেন আমির।
তিনি বলেন, আল্লাহ সুযোগ দিলে দীনের নির্দেশনায় দেশ চালানো হবে।
মুসলমানদের মধ্যেও অনেক মতামত আছে। অনেক কিছু মেলে না। তবে সুযোগ পেলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আমি ১২ তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য সাতক্ষীরাবাসীকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি।
ডা. শফিক বলেন, বিগত সময়ে সাতক্ষীরার সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে।
তাই সাতক্ষীরার চারটি আসন ন্যায়, ইনসাফ, জনগণের সরকার ও মদিনার শাসন আমলের সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদের উপহার দেন তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করবো। এ ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করবো। আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের সমস্যাগুলো সমাধান করবো। ওপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। এ টুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের ভোটে সরকার গঠনের সুযোগ আমাদের দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না।
বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে অন্তর্জাতিক ক্রিকট কাউন্সিলের (আইসিসি) নেয়া সিদ্ধান্তের রিভিউর অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশের স্বার্থ সবার আগে রাখার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের।
মঙ্গলবার সাতক্ষীরায় ১১ দলের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এই অনুরোধ জানান তিনি।
জামায়াত আমির বলেন, একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত। ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে মোস্তাফিজুর রহমান। এই ছেলেকে পার্শ্ববর্তী দেশ প্রিমিয়ার লিগের ম্যাচে যেতে দিল না। দেশ ও ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।
তিনি আরও বলেন, বিসিবি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রত্যাহার করে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল। কিন্তু আইসিসি দলকেই বাদ দিয়ে দিলো। এখনো সময় রয়েছে আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। এর আগেও বহু দল এমন আবেদন করেছিল এবং তা মেনেও নেয়া হয়েছিল। যদি অন্যদের জন্য তাই করা হয়, তাহলে বাংলাদেশের জন্য কেন করা হবে না?
বাংলাদেশের স্বার্থ সবার আগে রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রতিবেশীদের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে রাখতে চাই। তাদের সঙ্গে উত্তম আচরণ করতে চাই। কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমরা বন্ধু হিসেবে থাকতে চাই, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে আমরা প্রভু হিসেবে আসতে দেব না
প্রত্যেকটা নারীকে মায়ের সম্মান দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে বাচ্চাটার বয়স এক বছর, সে-ও আমার মা। সে যখন বড় হবে, তখন সে-ও কোনো সন্তানের মা হবে।
যুবকদের নিয়ে জামায়াত আমির বলেন, যুবকদের হাতে আমরা বেকার তকমা দিয়ে দেব না। যুবকরা সম্মানের সঙ্গে লড়াই করে পথ বের করতে চায়। সেই যুবকদের হাত যখন দেশের প্রয়োজনে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করবে, তখনই তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দেব।