মশিউর রহমান রাসেলঃ
দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি অপরাহ্নে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় দলের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় বৈঠকে তারেক রহমানের বরিশাল সফরের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আকন কুদ্দুসুর রহমান এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে তারেক রহমান নিজেই বরিশাল সফরের বিষয়টি অবহিত করেন। একই সঙ্গে তিনি বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।
বরিশাল সদর আসনের ধানের শীষের প্রার্থী বর্ষীয়ান নেতা মজিবর রহমান স রোয়ার বলেন,দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেবেন। সভায় জনসভা সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে সফর করেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির ১ নম্বর যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরে তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মিসভায় অংশ নেন, সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বাকেরগঞ্জ উপজেলায় একটি সেতু উদ্বোধন করেন।
দীর্ঘ বিরতির পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকে বরণে জেলা ও মহানগর পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জানান, ১৪ জানুয়ারি রাতে দলের গুলশান কার্যালয় থেকে তারেক রহমানের বরিশাল সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ২৬ জানুয়ারি বেলস পার্কের জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।