ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে পাচারের অভিযোগে ৪০ বস্তা সরকারি সার জব্দ


আপডেট সময় : ২০২৫-১২-১৭ ২০:৪২:৩২
দৌলতপুরে পাচারের অভিযোগে ৪০ বস্তা সরকারি সার জব্দ দৌলতপুরে পাচারের অভিযোগে ৪০ বস্তা সরকারি সার জব্দ
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে সরকারি ইউরিয়া সার পাচারের অভিযোগে এক বিএডিসি অনুমোদিত ডিলারের নসিমন গাড়িসহ ৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধর্মদহ গ্রামের কাজিপুর ব্রিজ এলাকায় স্থানীয় কৃষকরা সার বোঝাই একটি নসিমন গাড়ি আটক করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে উপজেলা কৃষি বিভাগ সার ও গাড়িটি জব্দ করে।

জানা গেছে, আদাবাড়িয়া ইউনিয়নের সরকারি বিএডিসি সার ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন নিজ গোডাউন থেকে ৪০ বস্তা ইউরিয়া সার নসিমন গাড়িতে করে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার সাহেবনগরের এক ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

কৃষকরা গাড়িটি আটক করে চালকের কাছে সারের বৈধ রশিদ চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার মামুন দীর্ঘদিন ধরে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ না করে বাইরে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন। এতে কৃষকরা ন্যায্যমূল্যে সার না পেয়ে মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। এমন অভিযোগের ভিত্তিতেই কৃষকরা সজাগ হয়ে সার পাচারের ঘটনা হাতেনাতে ধরে ফেলেন।

এ বিষয়ে মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি সার পাচারের সঙ্গে আমি জড়িত নয়। আমি বাইরে থেকে কেনা সার বাইরে বিক্রি করি। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন জানান, সরকারি অনুমোদিত বিএডিসি ডিলারের বিরুদ্ধে সার পাচারের অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিকভাবে সার ও গাড়ি জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ