নালিতাবাড়ীতে শীতের আগমনী বার্তা
আপডেট সময় :
২০২৫-১১-১৬ ১৬:৪৫:৩০
নালিতাবাড়ীতে শীতের আগমনী বার্তা
তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। হিমালয়ের পর্বতমালা থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাস আর সকালে ও রাতের ঘন কুয়াশা যেন প্রকৃতির বুকে বাজিয়ে তুলেছে শীতের আগমনী সুর। ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া, ভোরের আলোয় ভেজা পত্রপল্লব আর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে—শীতের আগমন আসন্ন।
নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা। ভোরের ঘন কুয়াশায় স্থানীয় সড়কগুলো ঢেকে যাচ্ছে । গাছের পাতা ও ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় ঝলমল করে যেন প্রকৃতির এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করছে।
দিনের বেলায় রোদের মিষ্টি উষ্ণতা মানুষকে আরাম দিচ্ছে ঠিকই, তবে রাতের হিমেল বাতাস আর ভোরের কুয়াশা শীতের আমেজকে স্পষ্ট করে তুলেছে। স্থানীয়রা বলছেন, কয়েক দিন আগেও আবহাওয়ায় এমন ঠাণ্ডা ভাব ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে হালকা শীত অনুভূত হচ্ছে।
নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা ঠাণ্ডা বাতাস স্থানীয় জনজীবনে পরিবর্তন আনতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ধীরে ধীরে শুরু হয়। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এখানে শীতের প্রভাব তুলনামূলক আগে অনুভূত হয়।
Vv
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স