ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের ক্লাস বর্জন


আপডেট সময় : ২০২৫-১১-০৯ ২১:০৫:৩৫
দেবীগঞ্জে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের ক্লাস বর্জন দেবীগঞ্জে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের ক্লাস বর্জন

মোঃ আকতারু জ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
সারাদেশের মতো পঞ্চগড়ের দেবীগঞ্জেও প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবির বাস্তবায়ন ও শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।



রোববার (৯ নভেম্বর) সকাল থেকে দেবীগঞ্জ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মবিরতি শুরু হয়।
সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও কোনো শিক্ষক ক্লাসে প্রবেশ করেননি। শিক্ষকরা বিদ্যালয় প্রাঙ্গণে চেয়ারে বসে কর্মবিরতি পালন করছেন।



আন্দোলনরত শিক্ষকরা জানান, শনিবার রাজধানীর শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘কলম বিরতি’ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বহু শিক্ষক আহত হন। এর প্রতিবাদে এবং দীর্ঘদিনের তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে তারা কর্মবিরতিতে অংশ নিয়েছেন।


দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুর রহমান চৌধুরী (শরীফ) বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দিতে হবে। চাকরিতে যোগদানের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে এবং বিভাগীয় পদোন্নতিতে শতভাগ নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”


ধনু চেংঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. আফতাব আলী বলেন, “সারাদেশের মতো আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। আমরা তাদের ন্যায্য দাবির প্রতি মৌন সমর্থন জানিয়েছি।”



দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ছত্রশিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুল্লাহ আজাদ বলেন, “বিশ্বের কোনো দেশেই শিক্ষকদের এত কম বেতন দেওয়া হয় না। একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য সরকারি কর্মকর্তারা দশম গ্রেড পাচ্ছেন, কিন্তু আমরা বঞ্চিত। এই বৈষম্য দূর করাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।”


দেবীগঞ্জ উপজেলা শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম বলেন, “শনিবার শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ শিক্ষক সমাজের ওপর হামলা চালিয়েছে। এতে বহু শিক্ষক আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। যতক্ষণ পর্যন্ত তিন দফা দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ