ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জিরো প্লাস্টিক ক্যাম্পাস’ উদ্যোগ বোটানি ক্লাবের


আপডেট সময় : ২০২৫-১১-০১ ০১:৫৮:২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জিরো প্লাস্টিক ক্যাম্পাস’ উদ্যোগ বোটানি ক্লাবের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জিরো প্লাস্টিক ক্যাম্পাস’ উদ্যোগ বোটানি ক্লাবের
ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সংগঠন ‘বরিশাল বিশ্ববিদ্যালয় বোটানি ক্লাব’ এবার পরিবেশ রক্ষায় অভিনব পদক্ষেপ নিয়েছে। প্লাস্টিক দূষণমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে তারা হাতে নিয়েছে “জিরো প্লাস্টিক ক্যাম্পাস” শীর্ষক একটি বিশেষ কর্মসূচি। গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. তৌফিক আলমের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন কর্মসূচির অনুমোদন ও দিকনির্দেশনা নেন। উপাচার্যের আন্তরিক সমর্থনে শিগগিরই ক্যাম্পাসজুড়ে শুরু হচ্ছে এই উদ্যোগ।

আসন্ন ওয়ার্ল্ড ইকোলজি ডে (১ নভেম্বর) উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এতে থাকছে “Bottle for Plants” নামে একটি সৃজনশীল কার্যক্রম, যার মাধ্যমে প্রতি ১০টি প্লাস্টিক বোতলের বিনিময়ে অংশগ্রহণকারীরা একটি সবুজ গাছ পাবেন। উদ্যোগটির লক্ষ্য হলো ক্যাম্পাসের প্লাস্টিক বর্জ্য হ্রাস ও পরিবেশবান্ধব চিন্তার প্রসার ঘটানো।

এছাড়া বোটানি ক্লাব ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিচ্ছে, যাতে শিক্ষার্থীরা যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলেন। পাশাপাশি প্লাস্টিকের ক্ষতি ও বিকল্প ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রচারণাও চালানো হবে।

সংগঠনটির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল আলম নির্জন বলেন, "আমরা এই ক্যাম্পাসটাকে সম্পূর্ণরূপে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিতে যাচ্ছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা সবাইকে বোঝাতে চাই, প্লাস্টিক শুধু একটি বর্জ্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নীরব হুমকি।

আগামী ১ নভেম্বর বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা ক্যাম্পাস থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে সেখানকার বুথে জমা দিয়ে গাছ সংগ্রহ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং শিক্ষার্থী ও শিক্ষক সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ