পঞ্চগড়ে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য
আপডেট সময় :
২০২৫-১০-২৯ ২০:৩৭:০৭
পঞ্চগড়ে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশের উত্তর সীমান্ত জেলা পঞ্চগড়ে এখন ভোরের হাওয়া অন্যরকম। আকাশ পরিষ্কার থাকলে দিগন্তে চোখ মেলে তাকালেই দেখা মিলছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। তুষারে মোড়ানো এই পর্বতশৃঙ্গ ভোরের আলোয় সোনালি রঙে ঝলমল করে ওঠে, যা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।
সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পঞ্চগড়ের আকাশে মেঘমুক্ত দিনগুলোতে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। বিশেষ করে তেঁতুলিয়া, বাংলাবান্ধা, শালবন ও চা বাগানের উঁচু এলাকা থেকে এই পর্বতশৃঙ্গের মনোমুগ্ধকর রূপ ধরা পড়ে।
স্থানীয় বাসিন্দা আজহার আলী বলেন, “আগে শুধু বইয়ে কাঞ্চনজঙ্ঘার নাম শুনতাম। এখন ভোরে ঘুম ভাঙতেই চোখের সামনে দেখি বরফে ঢাকা সেই পাহাড়। মনে হয় যেন বাংলাদেশে বসেই হিমালয়কে ছুঁয়ে ফেললাম।”
ঢাকা থেকে আসা পর্যটক রুমা আক্তার জানান, “আমরা শুনেছিলাম পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাই কয়েকদিনের ছুটি নিয়ে চলে এসেছি। ভোরের আলোয় যখন পাহাড়টা সোনালি হয়ে ওঠে, তখন মনে হয় স্বপ্ন দেখছি।”
সম্প্রতি কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই লিখছেন- “বাংলাদেশে থেকেও হিমালয়ের সৌন্দর্য দেখা সম্ভব, এ এক অনন্য অনুভূতি।”
স্থানীয় শিক্ষক শফিকুল ইসলাম বলেন, “কাঞ্চনজঙ্ঘা এখন আমাদের জেলার অন্যতম আকর্ষণ। যদি সরকার ও স্থানীয় প্রশাসন পর্যটন ব্যবস্থাপনা আরও উন্নত করে, তাহলে পঞ্চগড় দেশি-বিদেশি পর্যটকদের প্রধান গন্তব্য হয়ে উঠতে পারে।”
ভোরের হালকা কুয়াশা আর সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ে, তখন পুরো পঞ্চগড় জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শান্তি। প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য এটি নিঃসন্দেহে বাংলাদেশের উত্তর প্রান্তের এক বিরল সৌন্দর্য উপহার।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স