স্টাফ রিপোর্টারঃ
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি ওবায়দুল হক ওরফে আবু তাহের (৭০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
তিনি জানান, মেডিসিন বিভাগে ভর্তি থাকা অবস্থায় আবু তাহের মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, মৃত আবু তাহেরের বাড়ি নেত্রকোণার আটপাড়া উপজেলায়। গত ৩১ জুলাই কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কয়েদি নম্বর ছিল ৮৩৫৩/এ।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ১২ আগস্ট নেত্রকোণা পুলিশ তাকে গ্রেফতার করে।